দেশব্যাপী মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি বৈষম্যহীন কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তুলতে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ ব্যবস্থা চালুর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, দেশব্যাপী ব্যাপক নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, যার মাধ্যমে প্রতিটি পরিবারে সচ্ছলতা ও স্বনির্ভরতা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। সরকারি ও বেসরকারি উভয় খাতের সমন্বিত প্রচেষ্টায় এই লক্ষ্য অর্জনের কথা জানান তিনি।
অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, এই ব্যবস্থার মাধ্যমে দেশের তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীকে একটি সুনির্দিষ্ট কাঠামোর আওতায় এনে শিল্প ও প্রাতিষ্ঠানিক চাহিদার সঙ্গে যুক্ত করা হবে। নিবন্ধন ও সরাসরি নিয়োগ সহায়তা: জেলা ও উপজেলা পর্যায়ে কর্মপ্রত্যাশী তরুণরা এই এক্সচেঞ্জে নিজেদের নাম ও যোগ্যতা নিবন্ধন করতে পারবেন। পরবর্তীতে নিবন্ধিত প্রার্থীদের মেধা ও দক্ষতার ভিত্তিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শূন্যপদে নিয়োগ দিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘করব কাজ, গড়ব দেশ’–নীতির ভিত্তিতে বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এই লক্ষ্যে সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যবস্থায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি বৈষম্যহীন কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তুলতে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা হবে।
বিদেশে কর্মসংস্থান সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বিদেশে যেসব খাতের ব্যাপক চাহিদা রয়েছে, সেগুলোকে চিহ্নিত করে খাত-ভিত্তিক বিশেষ কোর্স এবং আধুনিক পাঠ্যক্রম চালুর কাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারের সাথে তাল মেলাতে বাজারভিত্তিক প্রশিক্ষণ, কারিকুলাম উন্নয়ন, আন্তর্জাতিক সার্টিফিকেশন, অ্যাক্রেডিটেশন প্রশিক্ষণের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ এবং প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা সরকারের একটি বিশেষ অগ্রাধিকার। প্রবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে সরকার একটি বিশেষ ‘প্রবাসী কার্ড’ প্রবর্তন করছে। এই কার্ডটির সাথে প্রবাসী কল্যাণ সেবা, বিশেষ বিমা ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তা সংযুক্ত করা হবে। বিকল্প ও নতুন শ্রমবাজারের সন্ধানে প্রথাগত বাজারের বাইরে বিকল্প শ্রমবাজার বিস্তারে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগের কথা জানান মন্ত্রী।

নিজস্ব সংবাদ : 


























