ডেস্ক রিপোর্ট:
চলতি জুলাই-আগস্ট থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতো, মোজা এবং স্কুল ব্যাগ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (৮ জুন) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এক সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এ তথ্য জানান।এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
ববি হাজ্জাজ বলেন, পাইলট প্রজেক্টের আওতায় মোট সাড়ে ৩ লাখের বেশি শিক্ষার্থীকে এই সুবিধার আওতায় আনা হবে। তবে কার্যক্রমটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে অন্তত ১ লাখ শিক্ষার্থীর মধ্যে এসব সামগ্রী বিতরণের মাধ্যমে পাইলট প্রজেক্টের যাত্রা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে বাকি শিক্ষার্থীদের কাছে সামগ্রীগুলো পৌঁছে দেয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পাইলট প্রজেক্টের পুরো কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে ২৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় এই পাইলট প্রজেক্টের আওতায় থাকবে।
তিনি জানান, পাইলট প্রজেক্টের অভিজ্ঞতা ও ফলাফলের ওপর ভিত্তি করে আগামী জানুয়ারি থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে সামগ্রী বিতরণ শুরু হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করতে পারেন বলেও জানান প্রতিমন্ত্রী।

নিজস্ব সংবাদ : 

























