ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, মানবতার সেবাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। সাধারণ ও মেহনতি মানুষের কল্যাণে আমার পরিবার দীর্ঘকাল ধরে নিবেদিতপ্রাণ। পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। আমরা সমাজে এমন এক পরিবেশ তৈরি করতে চাই যেখানে শান্তি, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে প্রতিটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ঈদসহ সকল উৎসব উদযাপন করতে পারে। কোনো বৈষম্য বা অভাব যেন সাধারণ মানুষের ঈদের আনন্দকে মলিন করতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য।
শুক্রবার (২৯ মে) ঈদের দ্বিতীয় দিনে উপহার বিতরণ উপলক্ষে প্রতিমন্ত্রীর গ্রামের বাড়ির পাশে মীরের খিল প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী মীর হেলাল আরও বলেন, আমাদের নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অসহায়, দরিদ্র এবং সব শ্রেণি-পেশার মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নির্দেশেই তৃণমূলের প্রতিটি মানুষের দোরগোড়ায় সুশাসন ও অধিকার পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি নাগরিকের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক মর্যাদা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল চালিকাশক্তি।
প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি সমাজ উন্নয়নমূলক ও মানবিক কাজে এগিয়ে আসার জন্য এলাকার বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা মানবিক কল্যাণে এগিয়ে আসুন এবং আমার হাতকে শক্তিশালী করুন; আমি আপনাদের একটি সুশৃঙ্খল, শান্তি-সম্প্রীতি ও সমৃদ্ধ হাটহাজারী উপহার দিব।
আদম কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদম কেয়ার ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক, প্রতিমন্ত্রীর পত্নী নওশীন আরজান হেলাল এবং মাওলানা মীর মোহাম্মদ ইদ্রিস।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও তার পরিবারের সদস্যরা উপস্থিত সকলের হাতে কোরবানির মাংস ও পবিত্র কুরআন শরিফসহ ঈদ উপহার তুলে দেন।
আর্থিক অনটনের কারণে যারা এবার কুরবানি দিতে পারেননি, সেইসব দুঃস্থ ও অসহায় নেতাকর্মীদের মুখে হাসি ফুটিয়ে ব্যতিক্রমী এক আয়োজনে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
শুক্রবার (২৯ মে) ঈদের দ্বিতীয় দিনে প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল ও বিভিন্ন সংস্থার অনুদানে ৪০টি গরু কুরবানি দিয়ে অসহায় দলীয় নেতাকর্মীদের মাঝে মাংস, ঈদ উপহার সামগ্রী ও পবিত্র কুরআন শরীফ বিতরণ করেছেন। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপির এমন মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগে অভিভূত ও আবেগে আপ্লুত হয়ে পড়েন স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা।
চট্টগ্রাম মহানগর ও হাটহাজারীর ৫টি ভিন্ন স্পটে নারী-পুরুষ নির্বিশেষে সুবিধা-বঞ্চিত নেতাকর্মীদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। সকালে নগরীর চট্টেশ্বরী রোডস্থ বাসভবন ‘ডালিয়া কুঞ্জ’ হতে এই কর্মসূচির সূচনা করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন সকালের এই কর্মসূচির সমন্বয় করেন।
বিকালে তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর মীরের খিলস্থ মীর বাড়ি হতে একইভাবে মাংস ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই মানবিক কাজে প্রতিমন্ত্রীর পাশে থেকে সরাসরি অংশ নেন তার সহধর্মিণী নওশীন আরজান হেলাল ও তার ছেলেরা।

নিজস্ব সংবাদ : 



























