জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালী থানাধীন রূপাতলী বটতলা এলাকা থেকে একটি দুর্লভ প্রজাতির মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন প্রাণীটিকে ধরে বেঁধে রেখেছিল, এবং তারা এটিকে ক্ষতি করতে পারে বা বিক্রি করে দিতে পারে—এই আশঙ্কায় এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে দ্রুত উদ্ধারের অনুরোধ জানান।
৯৯৯ কলটেকার কনস্টেবল মাহবুব হাসান কলটি গ্রহণ করে তাৎক্ষণিকভাবে বন বিভাগ এবং কোতোয়ালী থানাকে প্রাণীটি উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানান। এই উদ্ধার তৎপরতা তদারক ও সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই আব্দুল বারী।
সংবাদ পেয়ে কোতোয়ালী থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেছোবাঘটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বন বিভাগের লোকজন হাজির হলে তাদের কাছে প্রাণীটিকে বুঝিয়ে দেওয়া হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিজস্ব সংবাদ : 



























