আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে উঠতেই সামাজিক মাধ্যমে সরব হলেন স্পেনের কিংবদন্তি গোলকিপার ইকার ক্যাসিয়াস। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে লিওনেল মেসিদের ফাইনাল নিশ্চিত হওয়ার পর একের পর এক মন্তব্যে স্পেনের প্রতি নিজের সমর্থন জানিয়ে আর্জেন্টিনাকে খোঁচাও দিয়েছেন তিনি।
ম্যাচ চলাকালেই ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের কৌশল নিয়ে প্রশ্ন তোলেন ক্যাসিয়াস। অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যাওয়ার পর ইংল্যান্ড রক্ষণাত্মক ফুটবল বেছে নেয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। তার মতে, গোলের পর অতিরিক্ত রক্ষণে নেমে যাওয়াই ইংল্যান্ডের সবচেয়ে বড় ভুল ছিল। এতে আর্জেন্টিনা ম্যাচে নিয়ন্ত্রণ ফিরে পেয়ে একের পর এক আক্রমণের সুযোগ তৈরি করে।
ম্যাচ শেষে ক্যাসিয়াস বলেন, ইংল্যান্ড মূলত নিজেদের কৌশলগত ভুলেই ম্যাচ হেরেছে। প্রায় আধঘণ্টা ধরে তারা আর্জেন্টিনাকে খেলায় আধিপত্য বিস্তারের সুযোগ দিয়েছে, যা এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মেনে নেয়া যায় না বলেও মন্তব্য করেন ২০১০ বিশ্বকাপজয়ী এই গোলকিপার।
তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার পরের বার্তাগুলো। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, আর্জেন্টিনা চতুর্থ বিশ্বকাপ জিততে পারবে না। বরং স্পেনই নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের পথে রয়েছে। স্প্যানিশ দলকে উদ্দেশ্য করে তিনি উৎসাহও জানান।
আটলান্টার সেমিফাইনালে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ সমতা ফেরানোর পর লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে জয়সূচক হেডে গোল করেন লাউতারো মার্টিনেজ।
এবারের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠেয় সেই লড়াইয়ে একদিকে থাকবে স্পেনের দ্বিতীয় শিরোপার স্বপ্ন, অন্যদিকে মেসিদের চতুর্থ তারকা জয়ের লক্ষ্য।

নিজস্ব সংবাদ : 























