আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা ছড়িয়ে সউদী আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই শক্তিশালী হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’ ও ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের প্রতিক্রিয়ায় ইরান এই পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। তেহরানের অভিযোগ, উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার ‘লঞ্চিং প্যাড’ হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে যখন হামলাটি হয়, তখন মার্কিন সেনারা একটি ভবনের ভেতরে অবস্থান করছিলেন। হামলায় বেশ কয়েকটি ইন-ফ্লাইট রিফুয়েলিং বিমানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, ইরানের সাথে চলমান এই সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন, যার মধ্যে ৭ জন উপসাগরীয় অঞ্চলে এবং ৬ জন ইরাকে প্রাণ হারিয়েছেন। আহত সেনার সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। অন্যদিকে, একটি মানবাধিকার সংস্থার দাবি অনুযায়ী, এই যুদ্ধে এ পর্যন্ত প্রায় ১,১৬৭ জন ইরানি সেনা নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও ৬৫৮ জন।
একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতেও উত্তেজনার আঁচ লেগেছে। খলিফা ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সেটির ধ্বংসাবশেষ পড়ে ৫ জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসাবশেষ পড়ার ফলে ওই এলাকায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বর্তমানে আহতদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।

নিজস্ব সংবাদ : 

























