কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেট কারের চাপায় আব্দুল ওহাব (৬০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল ওহাব উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর গ্রামের বাসিন্দা ও ছমির উদ্দিনের ছেলে। তিনি মোকাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে উল্টো পথে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আব্দুল ওহাব। এসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কাবিলা ইস্থান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ময়নামতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার কালের কণ্ঠকে বলেন, দুর্ঘটনার পর প্রাইভেট কারটি পালিয়ে গেছে। যানবাহনটি শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

নিজস্ব সংবাদ : 













