রাজধানীর বনানী এলাকায় একটি বাড়ির জানালা থেকে ‘আমাকে বাঁচান’ লেখা চিরকুট ছুড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ওই বাড়িতে হামলার ঘটনা ঘটে এবং পুলিশ গৃহকর্মীকে উদ্ধার করে গৃহকর্ত্রীকে আটক করে।
উদ্ধার হওয়া গৃহকর্মীর নাম শিউলি বেগম (২৫)। তার শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গৃহকর্ত্রী সামেনা আলমকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার এম তানভীর আহমেদ জানান, বৃহস্পতিবার বিকেলে একটি অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে শিউলি নিজেকে গৃহকর্মী পরিচয় দিয়ে চিরকুটটি নিচে ফেলেন।
চিরকুটটি পেয়ে এক ব্যক্তি বিষয়টি আশপাশের লোকজনকে জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা বাড়িটিতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিউলিকে উদ্ধার করে এবং গৃহকর্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে, ঘটনার সময় ওই বাড়িতে থাকা এক বিদেশি দম্পতি বাইরে বের হলে তাদের গৃহকর্তা-গৃহকর্ত্রী মনে করে হামলার চেষ্টা করে উত্তেজিত জনতা। পরে পুলিশ তাদের নিরাপদে সরিয়ে নেয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, শিউলি বেগম নিজেই বাদী হয়ে গৃহকর্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

নিজস্ব সংবাদ : 






















