যারা ঘন ঘন রামেন খান, তাদের ডায়াবেটিস, হাইপার টেনশন, বিএমআইয়ের উচ্চ মাত্রা বেশি থাকে, তবে যারা একবারের বেশি রামেন খান না, তাদের ভয়ের কারণ নেই বলে জানান গবেষকরা।
চীন ও জাপানের ঐতিহ্যবাহী খাবার রামেন এখন বিশ্বব্যাপী জনপ্রিয়। কেউ কেউ প্রতিদিনের খাবারের তালিকাতে রাখেন উষ্ণ, সুস্বাদু রামেনকে, তবে যারা নিয়মিত বেশি পরিমাণে রামেন খেতে ভালোবাসেন, তাদের জন্য রয়েছে দুঃসংবাদ।
সাম্প্রতিক এক গবেষণা বলছে, বিশেষ এ নুডলসের ডিশ বেশি খেলে দ্রুত মৃত্যুর ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়।
গবেষণার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২০২৫ সালে প্রকাশিত দ্য জার্নাল অব নিউট্রিশান, হেলথ অ্যান্ড এজিংয়ের এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, ঘন ঘন রামেন খেলে শুধু স্বাস্থ্যঝুঁকিই বাড়ে না, বরং এর ফলে মৃত্যুর সময়ও ঘনিয়ে আসে।
প্রতিবেদন প্রকাশের আগে সাড়ে চার বছর জাপানিদের মধ্যে রামেন খাওয়ার অভ্যাস এবং দ্রুত মৃত্যুর ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করেন গবেষকরা।
ছয় হাজার ৭২৫ জন মানুষের ওপর করা গবেষণার তথ্য সংগ্রহ করা হয় চারটি ক্যাটাগরির ওপর ভিত্তি করে। সেগুলো হলো প্রতি মাসে গড়ে একবারের কম রামেন খাওয়া ব্যক্তি, মাসে এক থেকে তিনবার রামেন খাওয়া ব্যক্তি, সপ্তাহে এক থেকে তিনবার রামেন খাওয়া ব্যক্তি এবং সপ্তাহে তিনবারের বেশি রামেন খাওয়া ব্যক্তি।
এ তথ্যের ভিত্তিতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে গবেষকরা জানান, যারা ঘন ঘন রামেন খান, তাদের ডায়বেটিস, হাইপার টেনশন, বিএমআইয়ের উচ্চ মাত্রা বেশি থাকে, তবে যারা একবারের বেশি রামেন খান না, তাদের ভয়ের কারণ নেই বলে জানান গবেষকরা।

নিজস্ব সংবাদ : 




























