জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগের মিশন শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। মুকুট ধরে রাখার মিশনে দাপুটে পারফরম্যান্সে আতালান্টাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিসের ক্লাবটি।
ইউরোপ সেরার মঞ্চে নেমে ম্যাচের তৃতীয় মিনিটেই মার্কিনিউসের গোলে উদযাপন শুরু। এগিয়ে যাওয়ার পর একের পর এক আক্রমণ করতে থাকে তারা। ৩৯ মিনিটে কাভারাস্কেইয়া কোণঠাসা হয়ে পড়া আতালান্টার জাল কাঁপালে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় প্যারিসিয়ানরা।
অবশ্য পেনাল্টি মিস না করলে প্রথমার্ধেই আরও বাড়তে পারতো ব্যবধান। দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি গোল করে জয়ের পথে এগিয়ে যায় পিএসজি। স্কোরশিটে নাম লেখান নুনো মেন্দেস। যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে আতালান্তার কফিনে শেষ পেরেক ঠুকে দেন পর্তুগিজ ফরোয়ার্ড রামোস।
এদিকে, রোমাঞ্চকর এক ম্যাচে ভ্যান ডাইকের ‘লাস্ট মিনিট শো’তে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে লিভারপুল। ২০২৫-২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে মুড়িমুড়কির মতো সহজ বানিয়ে ফেলেছে লিভারপুল। এই ‘লাস্ট মিনিট শো’কে কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম। অর্থাৎ লিভারপুল কোচ আর্নে স্লটের নামের সাথে মিলিয়ে এই নামকরণ। আপনার কি মনে পড়ছে ফার্গি টাইম?

নিজস্ব সংবাদ : 




























