গাজা উপত্যকার শাসনব্যবস্থা ও অস্ত্রের নিয়ন্ত্রণ বিষয়ে হামাসকে তাদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) আল-আরাবিয়া টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।
মুস্তাফা বলেন, ‘যেকোনো রাষ্ট্র যদি নিজেকে সম্মান করতে চায়, তবে সেখানে আইন, শাসন ও অস্ত্রের বহুমুখিতা গ্রহণযোগ্য নয়।’
তিনি জোর দিয়ে বলেন, গাজায় অস্ত্র, আইন ও শৃঙ্খলা কেবলমাত্র ফিলিস্তিনি রাষ্ট্রের নিয়ন্ত্রণেই থাকতে হবে।
তবে তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েল গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (পিএ) পুনরায় প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করতে দিতে চায় না।
‘তবু গাজা পুরোপুরি ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকতে হবে; আমরা কোনো আংশিক ভূমিকা মেনে নেব না,’ বলেন মুস্তাফা।
ফিলিস্তিনি প্রধানমন্ত্রী জানান, গাজায় দায়িত্ব পালনের বিষয়ে আরব দেশগুলোর সঙ্গে সমঝোতা হয়েছে এবং তারা পিএকে সহায়তা দিতে সম্মত হয়েছে। তিনি সৌদি আরবের ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করেন, যারা ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মুস্তাফা আরও বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী মিসর ও জর্ডানে প্রশিক্ষণ নিচ্ছে, যাতে তারা গাজায় তাদের দায়িত্ব কার্যকরভাবে পালন করতে পারে। বর্তমানে গাজায় ১৮ হাজার নিরাপত্তা সদস্য আছেন, যারা পুনরায় দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত।’
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজার নিরাপত্তা জোরদারে যে আন্তর্জাতিক বাহিনী গঠনের আলোচনা চলছে, সেটি নিয়েও মন্তব্য করেন মোহাম্মদ মুস্তাফা। তিনি বলেন, ‘এই বাহিনী গঠনের ক্ষেত্রে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুমোদন অবশ্যই থাকতে হবে।’
মুস্তাফা আরও জানান, এই আন্তর্জাতিক বাহিনীর ম্যান্ডেট হতে হবে অস্থায়ী ও সহায়ক ভূমিকার; এটি যেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিকল্প হয়ে না দাঁড়ায়।

নিজস্ব সংবাদ : 


























